ডেঙ্গুতে ছয় জনের মৃত্যু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ১১:২৩ পিএম

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দুই হাজার ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৬২ জনের মৃত্যু হল।


স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের (৪ অক্টোবর) বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৬ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৯৬ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৫১৪ জন।

 

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০৩ জন, চট্টগ্রামে ৩২৪ জন, খুলনায় ৩৩০ জন, ময়মনসিংহে ৯৯, রাজশাহী ২২৪, রংপুরে ৮৩ এবং সিলেটে ১০ জন ভর্তি হয়েছেন।


বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৫ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।


চলতি বছর ৮৬ হাজার ৪৫৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮০ হাজার ৩৪৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
বুলেটিন অনুসারে, চলতি বছর সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।


গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।