গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছেন দক্ষিণের আলোচিত তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। সোমবার সন্ধ্যায় বিয়ের নতুন কিছু ছবি পোস্ট করেছেন রাশমিকা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির সঙ্গে রাশমিকা লিখেছেন, ‘দিনটা ছিল হলদি আর হোলির মতো। আমরা সবাই এতটাই রঙে ভিজে গিয়েছিলাম যে এখনো আমার চুলে লালের আভা লেগে আছে।’ রাশমিকা মজা করে আরও জানান, সেদিনের সব খেলাতেই তিনি জিতেছিলেন, আর এর পুরো কৃতিত্ব দিয়েছেন তাঁর ‘টিম ব্রাইড’কে। এমনকি সেই দলে ছিলেন তাঁর স্বামী বিজয়ও।
বিয়ের আয়োজন নিয়ে পোস্টে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন রাজস্থানের উদয়পুরে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট মেমেন্টোস বাই আইটিসি হোটেলসকে। রাশমিকার ভাষায়, ‘আমরা এখানে বিয়ে করতে পেরে ভীষণ খুশি। পরিবেশ, স্টাফ, সেবা, খাবার—সবকিছুই ছিল অসাধারণ। আমরা দারুণ সময় কাটিয়েছি। খুব শিগগির আবার সেখানে ফিরব।’ পোশাকের প্রসঙ্গেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় খ্যাতিমান ডিজাইনার অনামিকা খান্নাকে। রাশমিকার মতে, তাঁদের বিয়ের পোশাকের যে স্বপ্ন ছিল, সেটিকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ডিজাইনার। পোস্টের শেষ দিকে নবদম্পতির ভবিষ্যৎ জীবন নিয়েও আবেগঘন বার্তা দেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমরা তোমাদের ভালোবাসি। একসঙ্গে আমাদের পথচলার এটি কেবল শুরু।’
রাশমিকার এই পোস্ট প্রকাশের পর ভক্তদের শুভেচ্ছায় ভরে গেছে মন্তব্যঘর। অনেকেই তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং বিয়ের রঙিন মুহূর্তগুলোর প্রশংসা করেছেন।