সম্প্রতি মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের ‘থ্রি ইডিয়টস’ সিনেমা আবারও নতুন করে মুক্তি পাচ্ছে—সামাজিক মাধ্যমে এমন খবরই একাধিক পোস্ট ভাইরাল হয়েছে।
গত কয়েক দিন ধরেই এ নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে— আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ নাকি আবারও বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। এমনও দাবি করা হচ্ছিল যে, চলতি বছরের ৪ সেপ্টেম্বর ছবিটি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কিন্তু সেই জল্পনায় এবার পানি ঢেলে দিলেন এ সিনেমার নির্মাতারা।
দীর্ঘ ১৭ পর বছর আবারও বড়পর্দায় মুক্তি পাচ্ছে র্যাঞ্চো, ফারহান ও রাজুর গল্প। এতে ফের দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে প্রযোজনা সংস্থা একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।
সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে— ‘থ্রি ইডিয়টস’ সিনেমার রি-রিলিজ সংক্রান্ত যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই।
এসব গুঞ্জন এমন একসময় ছড়িয়ে পড়ে, যখন আমির খানের সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
সম্প্রতি দাবি, মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা বলেছিলেন, ‘থ্রি ইডিয়টস’-এর র্যাঞ্চো চরিত্রটি সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে মাথায় রেখে তৈরি করা হয়নি। সেই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে পুরোনো ভিডিও ভাইরাল হয় এবং সিনেমাটি নতুন করে আলোচনায় উঠে আসে। এ বিতর্কের মধ্যেই রি-রিলিজের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
আমির খানের সাম্প্রতিক সেই মন্তব্য এবং রি-রিলিজের ভুয়া খবর—এ দুই কারণে ছবিটি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ‘থ্রি ইডিয়টস’ নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন নির্মাতারা।
তারা বলেন, রি-রিলিজের খবর সম্পূর্ণ মিথ্যা এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নেই।
উল্লেখ্য, ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। প্রযোজক ছিলেন বিদু বিনোদ চোপড়া। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান, আর মাধবন, শর্মন জোশি, বোমান ইরানি এবং কারিনা কাপুর খান প্রমুখ।