কলকাতায় হেনস্তার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৪:১৬ পিএম

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উড়ছে, কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন এই অভিনেতা। তার দাবি—ঘটনাটি নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি। 

স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, গতকাল (১৫ জুন) রাতে কলকাতার নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সমর্থক তাকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও কটূক্তি করেন। পরিস্থিতি হাতাহাতি পর্যায়ে গড়ায় বলেও গুঞ্জন ওঠে। 

এসব দাবি নাকচ করে মোশাররফ করিম বলেন, “যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়েছে, আসলে ব্যাপারটা তেমন নয়। ফেসবুকে অনেক সময় নানা ঘটনা রং চড়িয়ে উপস্থাপন করা হয়। কিন্তু সংবাদ হওয়ার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।” 


স্ত্রীকে নিয়ে কলকাতায় নিরাপদে আছেন মোশাররফ করিম। এ তথ্য জানিয়ে কলকাতা সফর প্রসঙ্গে এই অভিনেতা বলেন, “আমি ঘুরতে পছন্দ করি। সেই আগ্রহ থেকেই কলকাতায় এসেছি। আরো তিন-চার দিন এখানে থাকব, এরপর ঢাকায় ফিরব।”