খুলনায় সরকারি কর্মকর্তা গুলিবিদ্ধ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১১:৩৪ পিএম

খুলনার রূপসা উপজেলায় শিক্ষা বিভাগের হিসাবরক্ষক মশিউর রহমান (৫৯) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার রাত ৮টার দিকে নগরের মিয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনের হাসানের চায়ের দোকানের পাশে তিনি গুলিবিদ্ধ হন। আহত মশিউর রহমান মোজাম্মেল হকের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে তাঁর বাসা পাইপের মোড় থেকে পিটিআই মোড়ে যান। পথিমধ্যে ওই স্থানে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক অন্য একজনকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি লক্ষভ্রষ্ট হয়ে তাঁর বাম পাঁজরে বিদ্ধ হয়।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, ওই ভদ্রলোক বাইরে কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।