ছেলের লাশ দেখে বাবার মৃত্যু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ১১:৫৩ এএম

বিষপানে মৃত্যু হয় ছেলের। তার মরদেহ নিয়ে বাড়ি ফিরেছিল স্বজনরা। সেই মরদেহ দেখে শোকে ভেঙে পড়েন বাবা। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু হয় তার। কিছুক্ষণ পর একই বাড়িতে আসে আরও এক মরদেহ।

গোপালগঞ্জের মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামের এমন হৃদয়বিদারক ঘটনায় শেষপর্যন্ত একসঙ্গে দাফন করা হয়েছে বাবা ও ছেলেকে।

গতকাল সোমবার বিকালে উপজেলার লোহাচুড়া গ্রামে জানাজা শেষে লিটন কাজী (৩২) ও তার বাবা মান্নান কাজীর (৬০) দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হোসেন।


স্থানীয়দের বরাতে তিনি জানালেন, কিস্তির টাকা জোগাড় করতে না পেরে এবং অফিসারের কথায় অভিমান করে রবিবার সকালে বিষপান করেন লিটন কাজী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
সোমবার বিকালে লিটনের মরদেহ বাড়িতে আনা হলে তার বাবা মান্নান কাজী ছেলের মরদেহ দেখে শোকে ভেঙে পড়েন। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।