নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৪৩ পিএম

নতুন বাংলাদেশ গড়ার পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একটি মহল দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে অভিযোগ করে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা বাস্তবায়ন করার গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে মির্জা ফখরুলকে রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণ গণসংবর্ধনা দেন।

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, “একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমার আবেদন-এই অস্থিতিশীলতা যাতে না করতে পারে তার জন্যে আপনাদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান করছি।

“কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গড়বার কাজ শুরু করছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই।”

তিনি বলেন, “তারেক রহমানের সরকার কথার সরকার, যে কথাগুলো দিয়েছি আমরা সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন-ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি কথা, সেই কাজগুলো আমরা শুরু করেছি।

“অন্যান্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটি পূরণ করার জন্য আমরা ইতোমধ্যে কাজগুলো শুরু করেছি। আপনারা দেখেছেন এই সরকারের বয়স মাত্র তিন মাস, এই তিন মাসের মধ্যে আমরা কাজ করবার চেষ্টা করে যাচ্ছি।”

মির্জা ফখরুল বলেন, “আপনারা সবাই দেখেছেন, তারেক রহমানের নেতৃত্বে গতকালকের জাতিসংঘের নির্বাচনে প্রেসিডেন্ট পদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে।

“এটা একটা বিরল সংবাদ, বাংলাদেশের মত একটা ছোট দেশ আজকে জাতিসংঘে সভাপতিত্ব করবে এবং আগামী এক বছরের জন্য।”

জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুল বলেন, “অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন।

“আমি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ, সব শ্রেণির মানুষকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই তাদের সমর্থণে আজকে আমি কাজ করার সুযোগ পেয়েছি।”

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “নারীরা এমনিতেই সংগঠিত, তাদেরকে আরও সংগঠিত হতে হবে। সংগঠিত হওয়ার মাধ্যমে নারীদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে।

“পরম করুনাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, আমরা নির্বাচনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও বড়মাঠে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার সবগুলো একে একে আমরা পূরণ করার চেষ্টা করছি।”

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।